বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে একাধিক অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্য, ফরেনসিক অডিটের মাধ্যমে এসব গরমিল চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কমিটি। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে নির্ভরযোগ্য কোনো কাজ করা সম্ভব নয়। এটি নিজের সঙ্গে প্রতারণার শামিল। অতীতের অনিয়ম ও অসংগতির গভীরে পৌঁছে সেগুলো চিহ্নিত করার জন্যই ফরেনসিক অডিট করা হয়েছে; কাউকে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়।
তিনি আরও বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, ভুল ও অসংগতিগুলো তত স্পষ্ট হবে। এতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হবে।
বিবিএসের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার প্রতিষ্ঠানটিকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে। কারণ, সরকারের জন্য তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। একই সঙ্গে বিবিএসের জনবল সংকটের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে ফরেনসিক অডিটের পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি।



