ভৈরব নদের তীরে গড়ে ওঠা খুলনার বড় বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাণিজ্য ও নগরজীবনের ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অংশ। প্রায় আড়াই শ বছরের পুরোনো এই বাজারে প্রতিদিন ভোর থেকে শুরু হয় ব্যবসায়ীদের কর্মব্যস্ততা। মাছ, ফল, সবজি, মসলা, মাংস, কাপড়, প্রসাধনীসহ নানা পণ্যের পাইকারি ও খুচরা বেচাকেনায় দিনভর মুখর থাকে বাজারের অলিগলি।
খুলনা নগরীর প্রাণকেন্দ্রে ভৈরব নদের পূর্ব তীরে অবস্থিত বড় বাজারের বিস্তৃতি ওয়েস্ট মেকড রোড, ক্লে রোড, কালীবাড়ি রোড ও স্টেশন রোডসহ আশপাশের এলাকায়। ডাকবাংলোর মোড় থেকে ক্লে রোড ধরে এগোলেই দেখা মেলে ফলের দোকানগুলোর সারি, যা স্থানীয়ভাবে ‘ফলপট্টি’ নামে পরিচিত।
বাজারের কর্মচাঞ্চল্য শুরু হয় ভোর থেকেই। দিনের শুরুতে ফলপট্টি ও মাছের আড়তে বেচাকেনা জমে ওঠে। এরপর একে একে খোলে সবজি, মাংস ও মসলাপট্টির দোকান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসাধনী, কাপড় ও অন্যান্য পণ্যের দোকানেও বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। বাজারে সাধারণত রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত কেনাবেচা চলে। ঈদ, পূজা ও অন্যান্য উৎসবের সময় তা গড়ায় গভীর রাত পর্যন্ত।
চাল-ডাল, ফলমূল, মাছ-মাংস, শাকসবজি, মসলা, কাপড়, প্রসাধনী ও অলংকার—নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের সমাহার রয়েছে এখানে। একসময় বরিশাল, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বড় বাজারে আসতেন। পাইকারি বাণিজ্যের কারণে বাজারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়।
চার্লির হাট থেকে বড় বাজার
বড় বাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ আমলের নীলকুঠি ও ভৈরব নদের তীরের বাণিজ্য। খুলনা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১৭৮৬ সালে ব্রিটিশ নীলকর চার্লি সাহেব ভৈরব নদের তীরে একটি নীলকুঠি নির্মাণ করেন। এর আশপাশে গড়ে ওঠে হাট। চার্লি সাহেবের নাম অনুসারে এলাকাটি ‘চার্লিগঞ্জ’ এবং হাটটি ‘চার্লির হাট’ বা ‘সাহেবের হাট’ নামে পরিচিতি পায়। সময়ের সঙ্গে সেই হাটের বিস্তৃতি ঘটে এবং তা বর্তমান বড় বাজারে রূপ নেয়।
চার্লির নীলকুঠির ধ্বংসাবশেষের কিছু অংশ এখনো রয়েছে। স্থানীয়ভাবে ভবনটি ‘ভূতের বাড়ি’ নামে পরিচিত। একসময়কার এই স্থাপনা খুলনার পুরোনো বাণিজ্যিক ইতিহাসের স্মারক হিসেবে বিবেচিত।
১৮৪২ সালে খুলনা মহকুমা প্রতিষ্ঠার পর এ অঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব বাড়তে থাকে। পরে ১৮৮২ সালের ২৫ এপ্রিল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা জেলা গঠনের ঘোষণা দেওয়া হয় এবং ১ জুন থেকে নতুন জেলার কার্যক্রম শুরু হয়। জেলার প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন ডব্লিউ এম ক্লে। তাঁর নামেই নগরীর ক্লে রোডের নামকরণ করা হয়েছে।
নদীপথ, রেল ও স্টিমারঘাটের ভূমিকা
বড় বাজারের বাণিজ্যিক প্রসারে যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভৈরব নদকে কেন্দ্র করে একসময় এখানে গড়ে ওঠে একাধিক ঘাট। নিমতলা, ডেল্টা, বলাকা, মমিন, জুতাপট্টি, চাইলাপট্টি ও ডাব ঘাটের নাম স্থানীয় ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।
পরে স্টিমার যোগাযোগ, রেলপথ ও পৌরসভার কার্যক্রম চালু হওয়ায় খুলনার বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়ে। ১৮৮৪ সালে খুলনা শহরে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। রেল ও নৌপথের সংযোগের কারণে কলকাতাসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত সহজ হয়। এ সময় বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা খুলনায় এসে দোকান, আড়ত ও গুদাম গড়ে তোলেন।
খুলনা ইনস্টিটিউটের গবেষক সুস্মিত সাইফ ও স্থানীয় সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর দেওয়া তথ্য অনুযায়ী, কবি জীবনানন্দ দাশও কলকাতায় যাতায়াতের সময় এই রেলপথ ব্যবহার করতেন। বরিশাল অঞ্চল থেকে নৌপথে খুলনায় এসে বড় বাজারসংলগ্ন রেলস্টেশন থেকে ট্রেনে কলকাতায় যেতেন যাত্রীরা।
তৎকালীন সময়ে রাজস্থানের মাড়োয়ারি, পাঞ্জাবি, বিহারি ও ওড়িয়া ব্যবসায়ীরাও এখানে এসে ব্যবসা শুরু করেন। ওয়েস্ট মেকড রোডের পাশে থাকা পুরোনো ভবনগুলোর স্থাপত্যে সেই সময়ের বাণিজ্যিক সমৃদ্ধির ছাপ দেখা যায়।
ঘাটের নামেও বাণিজ্যের ইতিহাস
নদীকেন্দ্রিক ব্যবসার কারণে ভৈরব নদের তীরের ঘাটগুলো একসময় পণ্য আনা-নেওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মসলাপট্টিতে প্রায় ৫০ বছর ধরে শ্রমিকের কাজ করা সিরাজুল ইসলামের ভাষ্য, ডাব ঘাটে বড় বড় নৌকায় ডাব আসত। এ কারণেই ঘাটটির নাম হয় ডাব ঘাট।
বর্তমানে সড়ক যোগাযোগ ও ট্রাকের ব্যবহার বাড়লেও কিছু অঞ্চল থেকে এখনো নৌপথে পণ্য আনা-নেওয়া হয়। এতে পুরোনো নদীকেন্দ্রিক বাণিজ্যের কিছু ধারাবাহিকতা রয়ে গেছে।
বদলেছে সময়, টিকে আছে ঐতিহ্য
বর্তমানে বড় বাজার খুলনা সিটি করপোরেশনের আওতাধীন। বাজারটিতে পাঁচ হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়। চার্লির নীলকুঠি ও পুরোনো হাটকে কেন্দ্র করে শুরু হওয়া বাজারের পরিধি এখন আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।
সময়ের সঙ্গে খুলনায় নতুন নতুন বাজার ও বিপণিকেন্দ্র গড়ে ওঠায় বড় বাজারের আগের একক বাণিজ্যিক আধিপত্য কিছুটা কমেছে। তবু পাইকারি ও খুচরা বেচাকেনা, পুরোনো আড়ত, ঘাটের স্মৃতি এবং ঐতিহাসিক স্থাপনার কারণে বাজারটি এখনো খুলনার ব্যবসা-বাণিজ্য ও নগর-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।



