দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার ব্যবহার তদন্তে বিএসইসি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার ব্যবহার খতিয়ে দেখছে বিএসইসি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৭, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

এসএমই খাতের দুই কোম্পানি কৃষিবিদ সিড ও ওয়েব কোটসের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারিং (কিউআইও) থেকে সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটির প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ের স্বচ্ছতা যাচাইয়ে গত ২ নভেম্বর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।

বিএসইসি সূত্রে জানা গেছে, কৃষিবিদ সিডের আর্থিক কার্যক্রম তদন্তের দায়িত্ব পেয়েছেন কমিশনের উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন। অন্যদিকে ওয়েব কোটসের তদন্ত করবেন কমিশনের যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজা।

কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, কিউআইওর মাধ্যমে কোম্পানি দুটি যে নির্দিষ্ট উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করেছিল, সেই খাতেই অর্থ ব্যয় করা হয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করতে হবে। পাশাপাশি কোম্পানিগুলোর দাখিল করা আর্থিক বিবরণীর সঙ্গে প্রকৃত সম্পদ, প্রকল্প ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে কি না, তাও পরীক্ষা করা হবে।

তদন্তের আওতায় কোম্পানি দুটির ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্য পর্যালোচনা এবং অর্থ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করার বিষয়টিও রয়েছে।

অর্থ ব্যয়ে কোনো অনিয়ম বা ঘোষিত উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা সিকিউরিটিজ আইন ও কমিশনের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কি না, সেটিও নির্ধারণ করতে হবে।

এ ছাড়া অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব ও নিরীক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা চিহ্নিত করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।