শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাড়াইকলের দুই সহায়ক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সীমান্ত সড়ক দিয়ে ভ্রাম্যমাণ ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাড়াইকলের নিচে চাপা পড়ে চালক হোসাইন আলমসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন।
আহত দুজন হলেন সুজন মিয়া (১৮) ও শিহাব (১৮)। তাঁরা মাড়াইকলের সহায়ক হিসেবে কাজ করতেন। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



