বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৪ দশমিক ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এক বছরে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।
একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর ১ হাজার ৬৭৪ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৯৫০ জন। অর্থাৎ গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে ৭২৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। তিনি বলেন, এবারের ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী, পাস করেছে ২৫ হাজার ৯৭০ জন
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ২৫ হাজার ৯৭০ জন। সে হিসাবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকেরও কম পাস করেছে।
১১ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে যাওয়ায় বোর্ডের সামগ্রিক ফলাফল নিয়ে আলোচনা তৈরি হয়েছে।



