উদ্যোগ’ কর্মসূচিতে ঋণের নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

‘উদ্যোগ’ কর্মসূচিতে ঋণের নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে উদ্যোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে তারা।

এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি তাদের নজরে এসেছে—‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কর্মসূচিটির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় আবেদন নেওয়া হয়। ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এরপর দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য কর্মসূচিটি সম্প্রসারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা রয়েছে।

আগ্রহী উদ্যোক্তাদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বা অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে কেউ ব্যক্তিগতভাবে টাকা চাইলে তা না দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত তথ্যসূত্রের মাধ্যমে বিষয়টি যাচাই করার আহ্বান জানানো হয়েছে।