মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় কাচের প্যানেলভর্তি ভারী বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ হারান তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি হঠাৎ শ্রমিকদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভারী বাক্সটি কী কারণে শ্রমিকদের ওপর পড়ে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিন প্রবাসী বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে মরিশাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



