হরমুজে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাঙ্কারে আগুনের দাবি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাঙ্কারে আগুনের দাবি ইরানের

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির ভাষ্য, অনুমোদনহীন জলপথ ব্যবহার করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় জাহাজ দুটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং চলাচল বন্ধ হয়ে যায়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ট্যাঙ্কার দুটির একটি হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি প্রণালির ভেতরে অবস্থান করছিল। আইআরজিসির দাবি, জাহাজ দুটি তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল সেগুলো।

আইআরজিসি জানায়, মাইনের আঘাতের পর ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো থেমে যায়। তবে জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ, ক্রুদের অবস্থা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ঘটনার পর এক বিবৃতিতে আইআরজিসি আবারও সতর্ক করে বলেছে, মাইন পাতা ও অননুমোদিত জলপথ দিয়ে ট্যাঙ্কার চলাচলে বাধ্য করার মার্কিন সামরিক প্রচেষ্টা সফল হবে না।

সংস্থাটি আরও জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে ইরানের উত্থাপিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি খুলে দেওয়ার বিষয়ে তাদের অবস্থানের পরিবর্তন হবে না।

তবে ট্যাঙ্কার দুটিতে মাইনের আঘাত, অগ্নিকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।