মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা। তবে ব্যাগে কোনো স্বর্ণালংকার ছিল না বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মনোরঞ্জন কর্মকার (৫০)। লেছড়াগঞ্জ বাজারে তাঁর গয়নার দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়ি যাত্রাপুরের উদ্দেশে রওনা হন মনোরঞ্জন। পথে গ্রামের নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। পরে ঘটনাস্থলের রাস্তার পাশে রক্ত ও রক্তমাখা একটি কাঠের টুকরো পাওয়া যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জনকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল কর্মকর্তা অসীম সরকার জানান, তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। উন্নত চিকিৎসা ও সিটি স্ক্যানের জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে রক্তের নমুনা পাওয়া গেছে। ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো সোনা বা গয়না ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।
কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



