ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
তাসনিম জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা ও বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হেনেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় দ্বীপের আকাশে উড়োজাহাজের শব্দ শোনা যায়।
তবে ক্ষেপণাস্ত্র বা বস্তু দুটি কোথা থেকে ছোড়া হয়েছে এবং কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুদ্ধ অবসানে সমঝোতার চেষ্টা অব্যাহত
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কোনো সমঝোতা হয়নি—এমন খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



