ইরানে বিস্ফোরণ, হরমুজে মাইনে ক্ষতিগ্রস্ত দুই ট্যাংকার
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে মাইনে ক্ষতিগ্রস্ত দুই ট্যাংকার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শনিবার সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে কেশম দ্বীপ, বন্দর আব্বাস, জাস্ক ও সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানানো হয়। তবে এসব বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কোনো হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রথমে কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রকাশ করেছিল। পরে সংস্থাটির বরাতে একটি সূত্র জানায়, বিস্ফোরণের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার সম্পর্ক নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বিস্ফোরণগুলো সামরিক তৎপরতার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরই মধ্যে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। বাহিনীটির দাবি, জাহাজ দুটি অনুমোদিত পথের পরিবর্তে অননুমোদিত রুট ব্যবহার করে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। তবে ট্যাংকার দুটির নাম, জাতীয়তা, মালিকানা কিংবা গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে ট্যাংকারে আগুন লাগার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, ইরানের একটি বন্দর থেকে বের হওয়ার সময় মার্কিন নৌ অবরোধ অমান্য করার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, বারবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা অমান্য করে এগিয়ে যাচ্ছিল। পরে একটি মার্কিন সামরিক বিমান থেকে জাহাজটির পেছনের অংশে গুলি চালানো হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী ছিল। ঘটনাটি হরমুজ প্রণালির বাইরে ওমান উপসাগরে ঘটেছে। ফলে এটি ইরানের বিপ্লবী গার্ডের উল্লেখ করা দুটি ট্যাংকারের ঘটনা থেকে আলাদা।

এদিকে, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল। নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ইরানে বড় ধরনের হামলা থেকে বিরত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুক্রবার তিনি ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সীমিত হামলার কথা স্বীকার করেন। হামলাটিকে বড় ধরনের সামরিক অভিযান হিসেবে দেখছেন না বলেও জানান তিনি।

ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরাইলি স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হতে পারে।

গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। রয়টার্স ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে মার্চের পর থেকে এই জলপথে বাণিজ্যিক জাহাজে সবচেয়ে বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বেড়েছে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আলজাজিরা।