হরমুজ প্রণালি ও ওমান উপসাগর ঘিরে সামুদ্রিক উত্তেজনার মধ্যে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ডের কোস্টগার্ড বিভাগ। রোববার (৮ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই আরব দেশের নাগরিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানায়, জাহাজের কর্মীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে কোস্টগার্ডের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে জাহাজটি শনাক্ত করে ২২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে জাহাজটিতে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা দাবি করে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুনের কবলে পড়েছে। বাহিনীটির ভাষ্য, জাহাজ দুটি নির্ধারিত জলপথের পরিবর্তে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করছিল। তবে ট্যাংকার দুটির পরিচয় এবং ঘটনার স্বাধীন যাচাই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, জাস্কসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। তবে বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে ট্যাংকারে আগুন লাগার ঘটনার কোনো যোগসূত্র নিশ্চিত হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ওমান উপসাগরে অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টার অভিযোগে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে তারা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের একটি বন্দরে যাতায়াতের পর ওই অঞ্চলের জলসীমা ছাড়ার চেষ্টা করছিল। এ ঘটনাটি ইউএইর উদ্ধার করা আগুনে আক্রান্ত কার্গো জাহাজের ঘটনা থেকে আলাদা।
হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে ধারাবাহিক সামুদ্রিক ঘটনার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে বিভিন্ন ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।



