ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। একই সময়ে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের কারণে আগুন লাগার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কেশম দ্বীপসহ দক্ষিণ ইরানের কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ ঘটনার কথা জানানো হয়েছে। তবে বিস্ফোরণগুলো কোনো ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঘটেছে—এমন কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপের বিস্ফোরণের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার সম্পর্ক নেই। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে রোববার (৮ নভেম্বর) আইআরজিসির নৌ শাখা দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুনের কবলে পড়ে। জাহাজ দুটি নির্ধারিত জলপথের পরিবর্তে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি। তবে জাহাজ দুটির পরিচয় এবং বিস্ফোরণের সঙ্গে দক্ষিণ ইরানের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে যুক্তরাষ্ট্রও ওই অঞ্চলে সীমিত সামরিক হামলা চালানোর কথা জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল সীমিত পরিসরের এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে সাম্প্রতিক বিস্ফোরণ ও ট্যাংকারে আগুন লাগার ঘটনাগুলোর সঙ্গে ওই হামলার কোনো সরাসরি সম্পর্ক নিশ্চিত হয়নি।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নৌপরিবহনে প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আলজাজিরা।



