জনবার্তা ডেস্ক
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নেত্রকোনা জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি কলেজ ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান নন-এমপিওভুক্ত।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত সংশোধিত ফলাফলের তালিকা অনুযায়ী, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো—কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দার কলমাকান্দা মহিলা কলেজ এবং পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, এম্বিশন মডেল কলেজ ও জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।
জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, নেত্রকোনার ১০টি উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে নেত্রকোনা সদরে পাসের হার ৫১ দশমিক ৬৮ শতাংশ, কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ এবং খালিয়াজুরীতে ৪৮ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, বারহাট্টা উপজেলায় পাসের হার সবচেয়ে কম—৩০ দশমিক ২০ শতাংশ।
পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেগুলোর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



