রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ। করোনা মহামারির সময় ২০২০ সালের অটোপাসের পর এটিই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৮ জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ০৩ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা
এ বছর রাজশাহী বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছেলে এবং ২ হাজার ৫৫৫ জন মেয়ে। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
৩৯ কলেজে পাস করেনি কেউ
ফলাফলে দেখা গেছে, রাজশাহী বোর্ডের মাত্র ৯টি কলেজের সব শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বোর্ডের আগের বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২২ সালে তা কমে ৮১ দশমিক ৬০ শতাংশে দাঁড়ায়। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ।
ফলাফল প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় যে ধরনের উত্তর লিখেছে, সে অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে। বাড়তি নম্বর না দেওয়ার কারণে সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।



