সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে কেবল সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় এনসিপি।

বিবৃতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় দলটি। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বিকাশ ও জনগণের আত্মত্যাগের পথে আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগ তুলে ধরে এনসিপি।

বিবৃতিতে জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে এনসিপি বলে, সামরিক পটভূমি থেকে উঠে এসে তিনি একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। দলটির দাবি, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক চর্চার পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে আদালতের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হয়।

বিএনপির সমালোচনা করে বিবৃতিতে এনসিপি বলেছে, দলটি জুলাই জাতীয় সনদের মতো মৌলিক সাংবিধানিক পরিবর্তনকে অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। এনসিপির মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আদালত বা পরবর্তী সংসদে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এ কারণে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে কেবল সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতির শেষাংশে বর্তমান সরকারের প্রতি গণভোটের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে এনসিপি সতর্ক করে বলেছে, জনগণের গণরায় উপেক্ষা করে ক্ষমতায় থাকলে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।