সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা, সুযোগ চার দেশের
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

সৌদির পর্যটন ভিসায় নতুন সুবিধা, সুযোগ পাবেন চার দেশের নাগরিক

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

পর্যটন খাতের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে পর্যটন ভিসার সুযোগ বাড়িয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকেরা এখন দেশটিতে ভ্রমণের জন্য অনলাইনে ই-ভিসা আবেদন অথবা বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার সুযোগ পাবেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর চার দেশের নাগরিকদের পর্যটন ভিসার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির সরকারি পর্যটন ভিসা ওয়েবসাইটেও নতুন দেশগুলোর নাম যুক্ত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের পর্যটন ভিসার জন্য দূতাবাসে গিয়ে দীর্ঘ আবেদনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

নতুন সুবিধার আওতায় ভ্রমণকারীরা মাল্টিপল-এন্ট্রি ই-ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি সৌদি আরবে প্রবেশের নির্ধারিত পয়েন্টে পৌঁছেও ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। এই ভিসায় পর্যটনের পাশাপাশি ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করা যাবে।

তবে পর্যটন ভিসায় সৌদি আরবে গিয়ে বেতনভুক্ত চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়ার অনুমতি নেই। একইভাবে এই ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না। ওমরাহ পালনের সুযোগ থাকলেও হজ মৌসুমে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত বিধিনিষেধ প্রযোজ্য হবে।

সৌদি আরবের সরকারি ই-ভিসা শর্ত অনুযায়ী, ভিসার মেয়াদ ও অবস্থানের সময়সীমা নির্দিষ্ট নিয়মের অধীন। মাল্টিপল-এন্ট্রি ই-ভিসা সাধারণত এক বছর মেয়াদি এবং এতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ রয়েছে। ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ প্রবেশের তারিখ থেকে অন্তত ছয় মাস থাকতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সুবিধা সৌদি আরবের পর্যটন খাতের বিকাশ, আন্তর্জাতিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে ভূমিকা রাখবে।