পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছিলেন। তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্বামী ও আরও দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে ইজিবাইকে করে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে যান।
সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ইজিবাইকের যাত্রীরা ছিটকে পড়েন। একপর্যায়ে নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
আহত ডা. মাইনুল ইসলাম শুভ জানান, ইজিবাইকের সামনে হঠাৎ একটি বিড়াল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ইজিবাইকটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে যায়। নিহতের স্বামী নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। দুর্ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



