দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামোর এ প্রস্তাব জমা দেন।
সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রস্তাবিত মজুরি কাঠামোতে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য মাসিক ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া শিক্ষানবিস বা নতুন কর্মীদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো পরিবর্তনের সময় এই মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে মালিকপক্ষ প্রস্তাব জমা দেওয়ার জন্য সময় চেয়েছে। তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবসের মধ্যে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন এবং পরবর্তী সভায় তাঁদের যুক্ত করতে পারবেন।
এদিকে শ্রমিকদের বাস্তব পরিস্থিতি যাচাই করতে কারখানা সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা নিয়েছে মজুরি বোর্ড। চেয়ারম্যান জানান, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সংখ্যাও প্রায় ৪০ লাখ। শ্রমিকদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণ করা হবে।
এর আগে ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভা শুরুর আগে ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সব সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের পর আগামী জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



