শরীরে নতুন তিল কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

শরীরে নতুন তিল কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শরীরে নতুন তিল দেখা দেওয়া সব সময় উদ্বেগের কারণ নয়। বিশেষ করে শৈশব ও কৈশোরে তিলের সংখ্যা বাড়া স্বাভাবিক। তবে নতুন বা পুরোনো কোনো তিলের আকার, আকৃতি কিংবা রঙে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, কিছু ক্ষেত্রে তিলের পরিবর্তন ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম জানান, অনেক শিশু জন্ম থেকেই এক বা একাধিক তিল নিয়ে জন্মায়। আবার কারও জন্মের সময় তিল থাকে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে শৈশব ও কৈশোরে, শরীরে নতুন তিল দেখা দিতে পারে। জীবনের পরবর্তী পর্যায়েও নতুন তিল হতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো তিলের রং হালকা হয়ে যেতে পারে, এমনকি কিছু তিল নিজে থেকেই অদৃশ্যও হতে পারে। নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় আগে থেকে থাকা তিলের রং কিছুটা গাঢ় হওয়াও দেখা যায়।

তিলের সংখ্যা বাড়ার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি জানা না গেলেও সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব ও বংশগত বৈশিষ্ট্য এর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। বাবা-মায়ের শরীরে বেশি তিল থাকলে সন্তানের শরীরেও বেশি তিল থাকার প্রবণতা দেখা যেতে পারে।

অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিমের মতে, শুধু তিলের সংখ্যা বেড়ে যাওয়াই ক্ষতিকর হওয়ার প্রমাণ নয়। ত্বকের সমতলে থাকা বা কিছুটা উঁচু তিল সাধারণত উদ্বেগের কারণ নয়। এমনকি তিলের ওপর চুল গজালেও তা নিজে থেকে বিপদের লক্ষণ হিসেবে বিবেচিত হয় না। কেউ ব্যক্তিগত কারণে বা সৌন্দর্যগত অস্বস্তি থেকে তিল অপসারণ করতে চাইলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে চিকিৎসাগত প্রয়োজন ছাড়া তিল অপসারণ বাধ্যতামূলক নয়।

যেসব লক্ষণে সতর্ক হবেন

নতুন বা পুরোনো তিলে কিছু পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে—

  • তিলের সীমানা বা চারপাশের কিনারা অসমান ও এবড়োখেবড়ো হয়ে যাওয়া।
  • তিলের আকার, আকৃতি বা উচ্চতায় পরিবর্তন আসা।
  • তিলের রঙে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়া কিংবা একই তিলে একাধিক রং দেখা দেওয়া।
  • তিলের আশপাশের ত্বক ফুলে যাওয়া বা লালচে হয়ে ওঠা।
  • তিলে ক্ষত সৃষ্টি হওয়া, চামড়া উঠে যাওয়া বা রক্তপাত হওয়া।
  • ক্ষত কয়েক সপ্তাহেও না শুকানো বা না সারা।

এসব পরিবর্তন ত্বকের ক্যানসার, বিশেষ করে মেলানোমার সম্ভাব্য সতর্কসংকেত হতে পারে। ছোট তিলেও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। তাই শুধু আকার দেখে কোনো তিলকে নিরাপদ মনে করা ঠিক নয়।

তবে এসব লক্ষণ দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ নেই। ত্বকের বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে তিলের প্রকৃতি নির্ণয় করতে পারেন।

শরীরে নতুন তিল দেখা দিলে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে তিলের পরিবর্তন নিয়মিত খেয়াল রাখা এবং অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।