সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে পাওয়া এ স্বীকৃতিকে প্রতিষ্ঠানটির পশুখাদ্যের নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়; বরং এটি ধারাবাহিক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হাবিব উল্লাহ বলেন, শুধু বিক্রয় ও মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিও শিল্প খাতে নেতৃত্ব অর্জনের গুরুত্বপূর্ণ ভিত্তি। উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।
আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আকিজ রিসোর্সকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এর মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খাদ্য, দুগ্ধজাত গবাদিপশুর খাদ্য এবং তেলাপিয়াসহ বিভিন্ন মাছের খাদ্য।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক এসব সনদ অর্জনের মাধ্যমে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ আরও জোরদার হবে।



