নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১১, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি তাঁর ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, রায়ে আদালত নবজাতক কন্যাশিশুটিকে তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার যাবতীয় ব্যয় তার বিয়ে হওয়া পর্যন্ত রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে। শিশুটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মা-বাবা উভয়ের পরিচয়ে পরিচিত হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

যেভাবে সামনে আসে ঘটনা

মামলার বিবরণ অনুযায়ী, আমান উল্লাহ মাহমুদী প্রায় চার বছর আগে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি ওই মাদ্রাসায় পড়াশোনা করত।

চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন।

৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব শনাক্ত

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির প্রতিবেদনে নবজাতকের ডিএনএ প্রোফাইলের সঙ্গে আসামি আমান উল্লাহ মাহমুদীর ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। এর মাধ্যমে নবজাতকের জৈবিক বাবা হিসেবে তাঁকে শনাক্ত করা হয়।

পরে ২৭ আগস্ট পুলিশ আমান উল্লাহ মাহমুদী ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।