সৌরজগতে নতুন বামন গ্রহের প্রার্থী শনাক্ত, নাম ২০২৬ ED138
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

সৌরজগতে নতুন বামন গ্রহের প্রার্থী শনাক্ত, নাম ২০২৬ ED138

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সৌরজগতের দূরবর্তী অঞ্চলে নতুন একটি বামন গ্রহের প্রার্থী শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘২০২৬ ED138’ নামের এই মহাজাগতিক বস্তুটি সূর্যকে কেন্দ্র করে প্লুটোর কক্ষপথের বাইরের অঞ্চলে ঘুরছে। প্রাথমিক বিশ্লেষণে এর ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটারের মধ্যে হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।

চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরির টেলিস্কোপে ধারণ করা তথ্য বিশ্লেষণ করে বস্তুটির সন্ধান পান হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের জ্যেষ্ঠ জ্যোতিঃপদার্থবিদ ম্যাথিউ হোলম্যান। ২৭ অক্টোবর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার (এমপিসি) বস্তুটির পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য প্রকাশ করে এবং এর অস্থায়ী পরিচিতি হিসেবে ২০২৬ ED138 নির্ধারণ করে।

গবেষকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বস্তুটির আকার সৌরজগতের স্বীকৃত ক্ষুদ্রতম বামন গ্রহ সেরেসের চেয়েও বড় হতে পারে। সূর্য থেকে এর দূরত্ব প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের প্রায় ৪৬ গুণ দূরে অবস্থান করছে এটি।

এত দিন চোখে পড়েনি কেন

গবেষকদের মতে, ২০২৬ ED138 এত দিন শনাক্ত না হওয়ার পেছনে এর অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বস্তুটি দক্ষিণ গোলার্ধের আকাশে এবং আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির সমতলের কাছাকাছি অবস্থান করছে। ওই অঞ্চলে অসংখ্য নক্ষত্রের উপস্থিতির কারণে চলমান ক্ষীণ বস্তুটিকে আলাদা করে শনাক্ত করা কঠিন ছিল।

রুবিন অবজারভেটরির ২০২৬ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত সংগৃহীত পর্যবেক্ষণ-তথ্য বিশ্লেষণ করে বস্তুটির গতিপথ শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে পুরোনো পর্যবেক্ষণ-তথ্যও পরীক্ষা করে এর অস্তিত্ব সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়।

ষষ্ঠ বামন গ্রহ হওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের স্বীকৃত সংজ্ঞা অনুযায়ী, বামন গ্রহ হতে হলে কোনো মহাজাগতিক বস্তুকে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে হবে, নিজের অভিকর্ষের কারণে প্রায় গোলাকার আকৃতি ধারণ করতে হবে এবং নিজের কক্ষপথের আশপাশের অঞ্চলকে অন্য বস্তু থেকে পুরোপুরি পরিষ্কার করতে না পারতে হবে।

বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচটি বামন গ্রহ হলো প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া ও মাকেমাকে। ২০২৬ ED138-এর আকার ও অন্যান্য বৈশিষ্ট্য আরও বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। গবেষণায় বামন গ্রহের বৈশিষ্ট্য নিশ্চিত হলে এটি স্বীকৃত তালিকায় ষষ্ঠ সদস্য হিসেবে যুক্ত হতে পারে।

এ জন্য অন্যান্য পর্যবেক্ষণাগারের মাধ্যমে আরও তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বস্তুটির প্রকৃত আকার ও গঠন সম্পর্কে নিশ্চিত হতে ভবিষ্যতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।

জনবার্তা ডেস্ক