শরীর গঠন ফেডারেশনে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

শরীর গঠন ফেডারেশনে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যক্রমে গতিশীলতা ফেরাতে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে এ সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করা হয়। ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরে আগের কমিটি ব্যর্থ হওয়ায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা এবং সংশ্লিষ্ট আইনের ক্ষমতাবলে কমিটিটি পুনর্গঠন করা হয়। দাপ্তরিক আদেশ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটিকে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক ও এএম গ্রুপের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. রাসেলুর রহমান (নয়ন)। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফ মালেক, আদিল হুসাইন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, মো. মাহাবুব আলম সুমন ও শেলান হাসান।

আদিল হুসাইন নোবেল অ্যাগ্রোটেক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, মো. আব্দুল্লাহ একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম এনগ্রিন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএসআরএইচের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. মাহাবুব আলম সুমন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক এবং শেলান হাসান সাবেক জাতীয় খেলোয়াড় ও সার্টিফাইড ফিটনেস মাস্টার।

কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ বাবু ও মো. নুরুল ইসলাম খান নাঈম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রনি দাস।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহাবুবুর রহমান মনির, ইঞ্জিনিয়ার এস এম শহিদুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ফটিক, মিন্টু আকরাম, ইলিয়াছ মিয়া, আব্দুল্লাহ আল খালেদ, মো. জসিম উদ্দিন, মোহাম্মাদ গোলাম রহমান, ফয়সাল-উর-রহমান, আসিফ মোহাম্মদ বিন আলম, ইমাম হাসান, আলাউদ্দিন আলো, নাসির আহমেদ শুভ, ওসমান গনি, আবু ওয়বায়দা পলাশ, উইলিয়াম প্রাজো (রিকি) ও ইউসান রাখাইন।

নতুন অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হবে নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।