নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, সামরিক পদক্ষেপের ইঙ্গিত
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতির প্রয়োজনে ইরানের ‘বাকি অংশ’ ধ্বংস করতে হতে পারে। তবে নতুন কোনো সামরিক অভিযান শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা আরও এগিয়ে যাবে কি না। এমন ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। তবে তিনি বলেন, সম্ভব হলে তিনি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না; কিন্তু পরিস্থিতির প্রয়োজনে তা করতে হতে পারে।

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে দেশটির অবকাঠামো ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, দেশটি পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

এ সময় সাংবাদিকরা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কোনো প্রস্তাব এসেছে কি না এবং এ বিষয়ে ওয়াশিংটনের সম্পৃক্ততা আছে কি না জানতে চান। জবাবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেছে বলে প্রতিবেদন এসেছে। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ট্রাম্প প্রশাসন সম্ভাব্য পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়েও আলোচনা করছে।

তবে ইরানের বিরুদ্ধে নতুন কোনো অভিযান কবে শুরু হতে পারে, সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে ‘শিগগিরই’ জানা যাবে।