এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তানের তাশখন্দে গেছে সৌদি ক্লাব আল নাসর। তবে সোমবার রাতে স্বাগতিক পাকতাকোরের বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে নেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পাশাপাশি সফরের স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও।
আল নাসরের কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক উদ্বেগের মধ্যে রোনালদোর সফরে না যাওয়া নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত সপ্তাহে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ নিরাপত্তা সতর্কতার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার পর রিয়াদে ওই সতর্কতা জারি করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদে খেলতে যেতে অস্বীকৃতি জানালে তাদের বিপক্ষে আল নাসরের ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের আলোচনােও। আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে টুর্নামেন্টটি হওয়ার কথা।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুয়েনাসা মিয়ামোতো বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে সৌদি আরবে টুর্নামেন্ট আয়োজন কঠিন হতে পারে। এদিকে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে টুর্নামেন্ট ২০২৮ সালে আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে সৌদি আরবের আয়োজক কমিটি জানিয়েছে, প্রস্তুতি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এগোচ্ছে।
পয়েন্ট তালিকায় পিছিয়ে আল নাসর
এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় আল নাসরের অবস্থান নবম। সৌদি আরবের পাঁচ প্রতিনিধির মধ্যে তারাই বর্তমানে সবচেয়ে নিচে রয়েছে। প্রথম এশিয়ান শিরোপার লক্ষ্য পূরণে পাকতাকোরের বিপক্ষে ম্যাচটি তাই দলটির জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ব্যক্তিগত গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন রোনালদো। গত সপ্তাহে আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-এ। হাজার গোলের মাইলফলক ছুঁতে আর প্রয়োজন ১৫টি গোল।



