কাবার ভেতরে প্রবেশ করে কৃতজ্ঞতা জানালেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

কাবার ভেতরে প্রবেশ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৩, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

পবিত্র ওমরাহ পালনকালে মক্কার মসজিদুল হারামে অবস্থিত পবিত্র কাবার ভেতরে প্রবেশের বিরল সুযোগ পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। গত ২ নভেম্বর কাবার ভেতরে প্রবেশ করে এই বিশেষ সম্মান ও সুযোগের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২০১৬ সালে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পর দ্বিতীয় নাইজেরীয় রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তাঁকে কাবার ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এই অভিজ্ঞতাকে জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় ঘটনা হিসেবে বর্ণনা করেছেন টিনুবু। এ জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়, কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সম্মান হিসেবে দেখছেন। সেখানে সবুজ ও সাদা রঙের বেড়া দেখে তিনি অভিভূত হন। রং দুটি তাঁর দেশের জাতীয় পতাকার কথা মনে করিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

কাবার ভেতরে অবস্থানকালে নাইজেরিয়ার জনগণের সেবা যথাযথভাবে চালিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রজ্ঞা ও মানসিক শক্তি প্রার্থনা করেন টিনুবু। তিনি জানান, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওমরাহ পালন করতে এসে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুযোগ পেলে আবারও পবিত্র ভূমিতে ফিরে এসে কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের কথাও স্মরণ করেন তিনি। আয়াতটিতে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। টিনুবু বলেন, ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। তাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় সেই ক্ষমতা সততার সঙ্গে ব্যবহার করা উচিত।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় তাঁর দায়িত্ববোধ আরও দৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নাইজেরিয়ার এই রাষ্ট্রপ্রধান।

২০২৩ সালের ২৯ মে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি টিনুবুর দ্বিতীয় ওমরাহ পালন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রিয়াদে সৌদি-আফ্রিকা সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি ওমরাহ পালন করেছিলেন। এবারের সফরে গত ২৯ অক্টোবর আবুজা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন তিনি এবং ৩০ অক্টোবর ওমরাহ সম্পন্ন করেন।