জনবার্তা ডেস্ক
পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তা এবং ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাসহ মোট সাতজনকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে বদলি করে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।



