হাসিনা ও কামালের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৩, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দণ্ডিত ব্যক্তির সম্পত্তির অর্ধেক শনাক্ত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ চলছে।

প্রসিকিউশনের পরিকল্পনা অনুযায়ী, শনাক্ত করা সম্পত্তি আইনগত প্রক্রিয়া বা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো স্বীকৃত সংস্থার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছিল।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের রায়ে যাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে, তাঁদের মধ্যে আপিলের নির্ধারিত সময়সীমা পার হওয়া ব্যক্তিদের সম্পত্তি পর্যায়ক্রমে বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি চিঠি দেওয়া হবে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে এমন অন্য দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।