যুক্তরাষ্ট্রের টেক্সাসের গিগাফ্যাক্টরিতে বৈদ্যুতিক পিকআপ সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে উৎপাদন কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে। কারখানাটিতে এরপর টেসলার স্বচালিত ট্যাক্সি ‘সাইবারক্যাব’ তৈরির পরিমাণ বাড়ানো হবে।
গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, সাইবারট্রাকের উৎপাদন বন্ধের মাধ্যমে টেক্সাসের গিগাফ্যাক্টরিতে সাইবারক্যাব তৈরির সক্ষমতা বাড়ানো হবে। তবে গাড়িটির উৎপাদন অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
পরদিন এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে মাস্ক বলেন, আরও আট থেকে নয় মাস সাইবারট্রাক তৈরি করা হবে। এরপর সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হবে। তিনি সাইবারট্রাককে টেসলার তৈরি অনন্য একটি গাড়ি হিসেবেও উল্লেখ করেন।
৯ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন বন্ধের আগে গ্রাহকদের বকেয়া অর্ডার পূরণ করতে যত বেশি সম্ভব সাইবারট্রাক তৈরি করতে চায় টেসলা। এ জন্য উৎপাদনে অতিরিক্ত শিফট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। তবে অনেক গ্রাহকের অর্ডার পূরণ করা সম্ভব হবে না বলে তাঁদের জমা অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছেন মাস্ক।
প্রত্যাশিত বিক্রি অর্জনে ব্যর্থতা
২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে সাইবারট্রাক সরবরাহ শুরু করে টেসলা। গাড়িটির ব্যতিক্রমী নকশা ও প্রযুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হলেও বিক্রির ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি।
কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৯৬৫টি সাইবারট্রাক বিক্রি হয়েছিল। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ২০ হাজার ২৩৭টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে প্রায় ৪৮ শতাংশ।
গাড়িটি উন্মোচনের সময় বছরে প্রায় আড়াই লাখ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিলেন মাস্ক। কিন্তু বাস্তবে বিক্রি সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছায়নি।
নকশা ও নিরাপত্তা নিয়ে বিতর্ক
২০১৯ সালে সাইবারট্রাক উন্মোচনের সময় গাড়িটির বিশেষ ধাতব কাঠামো ও শক্তিশালী কাচের সক্ষমতা নিয়ে প্রচার চালায় টেসলা। অনুষ্ঠানে গাড়ির জানালার শক্তি প্রদর্শনের জন্য ধাতব বল ছুড়ে মারা হলে কাচে ফাটল দেখা দেয়। ঘটনাটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বাজারে আসার পরও গাড়িটির নকশা, ব্যবহারিক সুবিধা ও নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে সাইবারট্রাকের বিভিন্ন ত্রুটির কারণে একাধিকবার প্রত্যাহার বা রিকল ঘোষণা করেছে টেসলা।
কিছু ত্রুটি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সমাধান করা গেলেও অন্য কিছু ক্ষেত্রে গাড়ি মেরামতের জন্য ফিরিয়ে নিতে হয়েছে। এসব ঘটনা গাড়িটির বাজার-ভাবমূর্তি ও ক্রেতাদের আস্থার ওপর প্রভাব ফেলেছে।
সাইবারক্যাব উৎপাদনে গুরুত্ব দিচ্ছে টেসলা
সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে টেসলা এখন স্বচালিত গাড়ি ও রোবোট্যাক্সি প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সাইবারক্যাব নামের দুই আসনের স্বচালিত গাড়িটি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
তবে সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পর অন্য কোথাও গাড়িটি তৈরি করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে উৎপাদন বন্ধের পর বিদ্যমান গ্রাহকদের গাড়ির যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবা কীভাবে দেওয়া হবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



