জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারের প্রার্থিতার পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। রোববার (৮ নভেম্বর) বার্লিনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
৬১ বছর বয়সী আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিডিইউর সহযোগী এই দলটি আগেই তাঁকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল। মের্ৎসের সমর্থনের পর সোমবার সিডিইউর শীর্ষ নেতৃত্বের বৈঠকে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের কথা রয়েছে।
জার্মানির ক্ষমতাসীন জোটে সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) রয়েছে। এসপিডির নেতারাও আইগনারের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে তিনি নির্বাচনে জোটের যৌথ প্রার্থী হওয়ার পথে এগিয়ে রয়েছেন।
আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সালে দেশটির বিশেষ নির্বাচকমণ্ডলী ফেডারেল কনভেনশন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। এই নির্বাচকমণ্ডলীতে বুন্দেসটাগের সদস্যদের পাশাপাশি ১৬টি রাজ্যের প্রতিনিধিরাও থাকেন। নির্বাচিত হলে আইগনার হবেন জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট এবং দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়া প্রথম সিএসইউ রাজনীতিক।
বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের দ্বিতীয় ও শেষ মেয়াদ ২০২৭ সালের মার্চে শেষ হওয়ার কথা। তিনি ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান।
জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং সাংবিধানিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিনিধি। চ্যান্সেলরের হাতে সরকারের নির্বাহী ক্ষমতা থাকলেও প্রেসিডেন্টের কিছু সাংবিধানিক দায়িত্ব রয়েছে।
আইগনারের প্রার্থিতা নিয়ে সিডিইউ ও সিএসইউর মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলেই সিএসইউ নেতা মার্কুস সোডার তাঁর নাম প্রস্তাব করেন। তবে মের্ৎস শুরুতে অন্য প্রার্থীর বিষয়েও ভাবছিলেন। এতে দুই সহযোগী দলের মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়। শেষ পর্যন্ত মের্ৎসের সমর্থনে সেই জটিলতা অনেকটাই কাটল।
ইলসে আইগনারের রাজনৈতিক জীবন শুরু হয় স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে। ১৯৯৮ সালে তিনি জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে বাভারিয়ার রাজনীতিতে ফিরে ২০১৮ সালের অক্টোবরে রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।



