ইরানের ওপর চলমান নৌ অবরোধের পাশাপাশি দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞাভুক্ত সরঞ্জাম পরিবহন বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে প্রায় ২০ সদস্যের একটি বিশেষ ইউনিট গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
গত ৭ নভেম্বর সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে ইউনিটটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় এর কার্যক্রম পরিচালিত হবে। সামরিক ও বেসামরিক সদস্যদের নিয়ে গঠিত এই ইউনিট অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত উপাদান এবং অবৈধ অর্থপ্রবাহের চলাচল ঠেকানোই এই উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জাম সংগ্রহের পথ সংকুচিত করতে চায় ওয়াশিংটন।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যকর রয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, নৌ অবরোধের সঙ্গে নতুন উদ্যোগ যুক্ত হওয়ায় ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়ার সুযোগ খুবই সীমিত হয়ে পড়বে।
তবে ট্রাম্পের বক্তব্য এবং সেন্টকমের ঘোষিত লক্ষ্য এক নয়। ট্রাম্প স্থলপথে ইরানে কোনো কিছু প্রবেশ করতে না পারার কথা বললেও সেন্টকমের বিবৃতিতে মূলত অস্ত্র, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত সরঞ্জাম ও অবৈধ অর্থপ্রবাহ ঠেকানোর কথা বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, ‘আয়রন গেট’ পরিকল্পনা কেবল কথার কথা; এটি দিয়ে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারবে না।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে মোহেবি দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে তেহরান প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ইরানের অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার মতো চাপ তৈরি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগ দেশটির কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের পরিধি আরও বিস্তৃত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সেন্টকমের দাবি, তাদের নৌ অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। তবে স্থলপথ ও কাস্পিয়ান সাগরে নতুন উদ্যোগটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সেন্টকম।
সূত্রঃ সেন্টকমের বিবৃতি, রয়টার্স, আলজাজিরা এবং ইরান ইন্টারন্যাশনাল।



