মেসির জাদুতে নিউ ইংল্যান্ডকে হারাল মিয়ামি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

মেসির জাদুতে নিউ ইংল্যান্ডকে হারাল মিয়ামি, জয়সূচক গোল ৮৩ মিনিটে

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

শেষ মুহূর্তের নাটকীয়তা আর লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে এক গোলে অবদান রাখার পাশাপাশি জয়সূচক গোলটিও করেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। ইলে ফেইনগোল্ড ও পেটন মিলারের সমন্বিত আক্রমণ থেকে পাওয়া বল জালে পাঠান গাজদাগ।

গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় মিয়ামি। ৬৯ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। তেলাস্কো সেগোভিয়ার পাস মেসি মাথার পেছনের অংশ দিয়ে নিয়ন্ত্রণ করে জার্মান বেরতেরামের দিকে বাড়িয়ে দেন। তাঁর নিখুঁত হেডে বল জালে জড়ালে সমতায় ফেরে মিয়ামি।

এরপর ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি তাঁর ২৬তম গোল। এই গোলের মাধ্যমে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান ধরে রাখেন তিনি।

ম্যাচের ৮৭ মিনিটে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মিয়ামির ইয়ান ফ্রে নিজেদের জালে বল পাঠালে নিউ ইংল্যান্ড সমতায় ফেরার সুযোগ পায়। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে নিউ ইংল্যান্ড। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে মিয়ামি।