পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে যারা সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনা ঘটাচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তাই শ্রমিকদের স্বার্থের কথা বলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা গ্রহণযোগ্য নয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন মুখোশধারীকে রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে। তাঁর দাবি, মজুরি বোর্ড গঠনের দাবির আড়ালে কিছু ব্যক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। মজুরি বোর্ডের দাবিতে সড়ক-মহাসড়ক অবরোধের কোনো নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা তাঁদের দাবিগুলো বৈঠকে তুলে ধরেন।
এর আগে সোমবার সকালে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
গত রোববার (১ নভেম্বর) ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রথম সভা দ্রুত আয়োজনের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সুরক্ষায় সহানুভূতিশীলভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
তবে মজুরি বোর্ড গঠন হলেও নতুন মজুরি এখনো নির্ধারিত হয়নি। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের একটি বড় দাবি তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা।



