স্বজনদের নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মাসুম
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

স্বজনদের নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী মাসুম

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়া থেকে দেশে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছেছেন কুমিল্লার সদর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা ও প্রবাসী ব্যবসায়ী মনিরুজ্জামান মাসুম। তাঁর ব্যতিক্রমী আগমন ঘিরে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারের শব্দ শুনে তাঁকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

মনিরুজ্জামান মাসুম মালয়েশিয়ায় ব্যবসার সঙ্গে যুক্ত। সেখানে ‘মাসুম গোল্ডেন রোজ’ ও ‘মারুফ গোল্ডেন রোজ’ নামে দুটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা গেছে, মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেন মাসুম। যুক্তরাষ্ট্র থেকে আসা তাঁর খালা ও খালাতো বোনদের সঙ্গে একসঙ্গে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। পরে তাঁদের সবাইকে নিয়ে হেলিকপ্টারে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

গ্রামে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ সেখানে জড়ো হন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও তাঁকে স্বাগত জানাতে ছুটে আসেন। স্থানীয়দের কাছে এমন দৃশ্য ছিল ব্যতিক্রমী ও স্মরণীয় অভিজ্ঞতা।

দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে একসঙ্গে বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন পরিবারের সদস্যরাও। মাসুমের ছোট বোন তানিয়া আক্তার বলেন, ভাইয়ের এমন ব্যতিক্রমী আগমনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিবারের সবাই মিলে একসঙ্গে বাড়ি ফেরার মুহূর্তটি তাঁদের স্মৃতিতে বিশেষ হয়ে থাকবে।

স্থানীয়দের মতে, প্রবাসে থাকলেও নিজ গ্রাম ও স্বজনদের সঙ্গে মাসুমের যোগাযোগ ও টান অটুট রয়েছে।