ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেহেদি পরার আয়োজনের মধ্যে এক যুবক হঠাৎ অপু বিশ্বাসকে চুমু দিচ্ছেন। এ সময় অপুকে লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই যুবকের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়।
ভিডিওতে থাকা যুবক অভিনেতা ও মডেল আদনান আজাদ। জানা গেছে, একটি বাণিজ্যিক প্রচারণামূলক ভিডিওর শুটিংয়ে হবু বর-কনের সাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অপু ও আদনান। শুটিংয়ের ফাঁকে তাঁদের খুনসুটির একপর্যায়ে চুমুর দৃশ্যটি ধারণ করা হয়। প্রচারণার অংশ হিসেবেই দৃশ্যটি ভিডিওতে রাখা হয়েছিল বলে জানা গেছে।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে কয়েকটি রোমান্টিক আলোকচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেসব ছবি নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়।
অপু ও আদনানের পরিচয় অবশ্য নতুন নয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ারের ‘পাষাণের প্রেম’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে কাজ করেন তাঁরা। ইমপ্রেস টেলিফিল্মের ওই ছবির মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে আদনানের। পরবর্তী সময়ে অপু বিশ্বাস ঢালিউডে নিয়মিত কাজ করলেও আদনান চলচ্চিত্রে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। পরে মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিতি পান তিনি।
সম্প্রতি আলোকচিত্র প্রকাশ ও প্রচারণামূলক কাজের পাশাপাশি নতুন চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথাও জানিয়েছেন অপু বিশ্বাস। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের একটি কারিগরি দল নিয়ে আদনান বড় পরিসরে চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণের পরিকল্পনা করছেন। এ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে।
দীর্ঘ বিরতির পর পুরোনো সহশিল্পী আদনান আজাদের সঙ্গে নতুন কোনো চলচ্চিত্রে অপু বিশ্বাসকে দেখা যায় কি না, এখন সেটিই দেখার বিষয়।



