জনবার্তা ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এ নোটিশ পাঠান।
নোটিশে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য জনসমক্ষে প্রত্যাহার করে যথাযথ জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইতে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন এবং দেশ পরিচালনার জন্য তাঁর কোনো পরিকল্পনা নেই।’
নোটিশদাতা আইনজীবীর দাবি, নাহিদ ইসলামের এ বক্তব্য রাজনৈতিকভাবে আপত্তিকর, কাল্পনিক ও দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির জন্য অনুপযুক্ত। বক্তব্যটি তাঁকে বিব্রত ও ক্ষুব্ধ করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, নাহিদ ইসলামকে সংশ্লিষ্ট মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
তবে এ বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্য বা আইনি নোটিশের জবাব দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।



