সংসদ ভবন ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর থেকে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা

ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর থাকবে—

  • ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।
  • বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
  • পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
  • মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল পর্যন্ত।
  • রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত। এ ছাড়া সংসদ ভবনের অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকা ও সংশ্লিষ্ট গলিও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

নির্ধারিত সময় থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।