চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। পরে তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। বর্তমানে তিনি ভারতের কৃষ্ণনগর জেলার শান্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মেইন পিলার ৬১/১-এস-এর কাছে এ ঘটনা ঘটে। মনিরুল ওই এলাকার লিয়াকত ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজন অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে।
এতে মনিরুলের পিঠে রাবার বুলেট এবং পায়ে গুলি লাগে বলে জানা গেছে। আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
মনিরুলের সঙ্গে থাকা অপর ছয়জন হলেন—রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) ও মশিয়ার (৪০)। তারা পাশের খালে ঝাঁপ দিয়ে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টিটু জানান, সন্ধ্যার পর কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে মনিরুলকে বিএসএফ আটক করেছে বলে তারা জানতে পারেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, তারা ঘটনাটি শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। মনিরুলের বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে, ঘটনার পর সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)–এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতীয় ভূখণ্ডে একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশের পর গুলির শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বিজিবির টহলদল পাল্টা ফায়ার করে। একই সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
মনিরুলের চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষা করছে স্থানীয় প্রশাসন।



