৪ হাজার কোটির রামায়ণের সঙ্গে পাল্লা দিচ্ছে ৩০ কোটির সিন
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

৪ হাজার কোটির ‘রামায়ণ’-এর সঙ্গে পাল্লা দিচ্ছে ৩০ কোটির ‘সিন’

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিশাল বাজেটের পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পাশাপাশি বক্স অফিসে আলোচনায় উঠে এসেছে দক্ষিণি তারকা সুরিয়ার নতুন সিনেমা ‘সিন’। প্রায় ৪ হাজার কোটি রুপির বাজেটে নির্মিত ‘রামায়ণ’-এর বিপরীতে মাত্র ৩০ কোটি রুপি ব্যয়ে তৈরি ‘সিন’ দর্শক টানছে উল্লেখযোগ্য হারে। বাজেটের বিশাল ব্যবধান থাকলেও টিকিট বিক্রি ও দর্শক আগ্রহের দিক থেকে সিনেমাটি বড় চমক দেখাচ্ছে।

৬ নভেম্বর মুক্তি পাওয়া মালয়ালম নির্মাতা জিতু মাধবনের এই সিনেমায় সুরিয়াকে দেখা গেছে ব্যতিক্রমী এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। প্রচলিত অ্যাকশনধর্মী নায়কের পরিচিত ছক ভেঙে তিনি এখানে তুলে ধরেছেন অদ্ভুত আচরণ, দুর্বলতা ও রসবোধে ভরা এক চরিত্র।

তিন দিনে শতকোটি ছাড়ানোর দাবি

দীপাবলির উৎসবকে সামনে রেখে মুক্তি পাওয়া ‘সিন’ প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে। ৯ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় ১১৬ কোটি ৭০ লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছে। ভারতের বাজারে এর আয় প্রায় ৮৬ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনেই ছবিটি ভারতের বক্স অফিসে প্রায় ১৯ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করে। বিদেশের বাজার থেকে আসে প্রায় ১২ কোটি রুপি। সব মিলিয়ে উদ্বোধনী দিনের আয় দাঁড়ায় প্রায় ৩৪ কোটি ২৫ লাখ রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোতে রবিবার ছবিটির প্রায় ৫ লাখ ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে ‘রামায়ণ’-এর তুলনায় এই বিক্রি প্রায় অর্ধেক বলে দাবি করা হয়েছে। তবে দুই সিনেমার বাজেট ও বাজারজাতকরণের পরিসর বিবেচনায় ‘সিন’-এর দর্শক আগ্রহকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

অদ্ভুত পুলিশ কর্মকর্তা ও সিরিয়াল কিলারের গল্প

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইনবারাজ একজন মেধাবী, তবে অস্বাভাবিক স্বভাবের পুলিশ কর্মকর্তা। চাকরি থেকে অবসর নিতে চাইলেও ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে তাঁকে দায়িত্বে থেকে যেতে হয়। এর মধ্যেই পুরোনো একটি অপরাধের তদন্তে জড়িয়ে পড়েন তিনি।

তদন্ত করতে গিয়ে তাঁর মুখোমুখি হতে হয় এক চতুর সিরিয়াল কিলারের। এই চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম অভিনেতা নাসলেন। অন্যদিকে, তদন্তে ইনবারাজের সহযোগী মায়া চরিত্রে অভিনয় করেছেন নাজরিয়া নাজিম। দীর্ঘ ১২ বছর পর তামিল সিনেমায় ফিরেছেন তিনি।

গল্পে মায়া শুধু তদন্তের সহযোগী নন; তাঁর ব্যক্তিগত সংকট ও অভিজ্ঞতাও কাহিনিকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। অপরাধ, রহস্য ও বিচিত্র চরিত্রের সমন্বয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সাফল্যের পেছনে জিতু মাধবনের নির্মাণশৈলী

জিতু মাধবনের সিনেমার অন্যতম বৈশিষ্ট্য হলো, পরিচিত গল্পের মধ্যে অপ্রত্যাশিত পরিস্থিতি ও হাস্যরস তৈরি করা। তাঁর ‘রোমাঞ্চম’ সিনেমায় ভৌতিক গল্পের সঙ্গে হাস্যরস এবং ‘আবেশম’-এ গ্যাংস্টার কাহিনির মধ্যে বিচিত্র চরিত্রের উপস্থিতি দর্শকদের আকৃষ্ট করেছিল।

‘সিন’-এও রহস্য ও কমেডির মিশ্রণ দেখা গেছে। সাধারণত সিরিয়াল কিলারকে কেন্দ্র করে নির্মিত সিনেমায় আতঙ্ক ও সহিংসতা বেশি গুরুত্ব পায়। তবে জিতু মাধবন এখানে ভিন্ন ধরনের উপস্থাপনার চেষ্টা করেছেন। ফলে প্রচলিত অপরাধভিত্তিক সিনেমার বাইরে নতুন স্বাদ পেয়েছেন দর্শকেরা।

সুরিয়ার ক্যারিয়ারে নতুন সম্ভাবনা

‘গজনি’, ‘সিংহাম’, ‘২৪’ ও ‘জয় ভীম’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সুরিয়া। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কয়েকটি বড় বাজেটের সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি। সে বিবেচনায় ‘সিন’ তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সিনেমায় তিনি তারকাসুলভ প্রচলিত উপস্থিতির বদলে চরিত্রের অদ্ভুত আচরণ, অসহায়ত্ব ও রসবোধকে গুরুত্ব দিয়েছেন। সমালোচকদের প্রশংসার অন্যতম কারণও তাঁর এই অভিনয়শৈলী।

সিনেমাটির প্রযোজক সুরিয়া ও তাঁর স্ত্রী জ্যোতিকা। টু ডি এন্টারটেইনমেন্ট এবং ঝাগারাম স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির সংগীত পরিচালনা করেছেন সুশিন শ্যাম। সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভিনীত অগাস্টিয়ান এবং সম্পাদনায় অজমল সাবু।

সমালোচকদের প্রতিক্রিয়া

সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটিকে পাঁচের মধ্যে ৩ দশমিক ৫ রেটিং দিয়ে সুরিয়ার স্বতঃস্ফূর্ত অভিনয়ের প্রশংসা করেছে। তবে দ্বিতীয়ার্ধে চিত্রনাট্যের গতি কিছুটা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে।

টাইমস অব ইন্ডিয়া দিয়েছে পাঁচের মধ্যে ৪ রেটিং। তাদের পর্যালোচনায় তদন্ত ও কমেডির সমন্বয়কে বিনোদনমূলক বলা হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে গল্পের গতি কমে যাওয়া এবং চিত্রনাট্যের কিছু দুর্বলতার কথাও উঠে এসেছে।

ইন্ডিয়া টুডের পর্যালোচনায় বলা হয়েছে, শুরুতে গল্পের গতি ধীর হলেও সুরিয়া, নাজরিয়া ও নাসলেনের অভিনয় সিনেমাটিকে আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে, দ্য উইকের মতে, স্ল্যাপস্টিক কমেডির অতিরিক্ত ব্যবহার কিছু ক্ষেত্রে গল্পের গভীরতা কমিয়েছে।

সব মিলিয়ে ভিন্নধর্মী গল্প, অভিনয় এবং রহস্যের সঙ্গে হাস্যরসের মিশ্রণ ‘সিন’-কে দর্শকের কাছে আলাদা করে তুলেছে। বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় তুল