বারহাট্টায় সীমানা বিরোধে ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার বারহাট্টায় বাড়ির ভিটের সীমানা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাইকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ১৫ বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সাইকুল ইসলাম উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল খালেকের ছয় ছেলের মধ্যে সাইকুলই গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। তাঁর অন্য ভাইদের মধ্যে তিনজন ঢাকায়, একজন প্রবাসে এবং আরেকজন বারহাট্টা শহরে থাকেন। সম্প্রতি বড় ভাই সাইদুর রহমান পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামে ফেরেন। বাড়ির সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও ছেলে লাঠিসোঁটা নিয়ে সাইকুলের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এতে সাইকুলের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রী ও মেয়েও আহত হন।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাইকুলের মৃত্যু হয়।

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানান তিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, ময়নাতদন্ত শেষে সাইকুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সোমবার দুপুরে সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।