বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উজিরপুর উপজেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, প্রকাশিত সংবাদে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।
গত সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা এ প্রতিবাদ জানান। সংসদ সদস্য সান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ অক্টোবর উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কনভেনারদের ভোটগ্রহণ চলছিল। এ সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডের প্রার্থিতা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপির নেতাদের দাবি, পলাশ কুন্ড ও তাঁর অনুসারীরা ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে ভোটার ও প্রার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উপজেলা বিএনপির নেতারা দাবি করেন, ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের কোনো জ্যেষ্ঠ নেতা সেখানে উপস্থিত ছিলেন না। ফলে তাঁরা ঘটনাটি সরাসরি দেখেননি। তাঁদের আরও দাবি, পলাশ কুন্ড বিএনপি বা দলটির কোনো অঙ্গসংগঠনের সদস্য নন। ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তৃণমূল নেতাকর্মীদের বিরোধিতার মুখে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ ও প্রমাণ উপজেলা বিএনপির দপ্তরে জমা দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য না নিয়ে এবং ঘটনার সত্যতা যাচাই না করেই সংবাদ প্রচার করা হয়েছে। তাঁদের মতে, এ ধরনের একপক্ষীয় সংবাদে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া পলাশ কুন্ড ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগও তোলেন তাঁরা।
উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের কাছে প্রকাশিত তথ্য পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও ব্যাখ্যা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া ও তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়।



