মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।
স্কুটার ও মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ
বিআরটিএর নির্দেশনায় স্কুটার এবং অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।
- স্কুটার: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
- অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
- অক্ষর ও সংখ্যার উচ্চতা: উভয় ধরনের নম্বরপ্লেটের ক্ষেত্রে কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, নম্বরপ্লেট অ্যালুমিনিয়াম অথবা স্টেইনলেস স্টিলের তৈরি হতে হবে। এর পটভূমি হবে সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের। নম্বরপ্লেটে কোনো শোভাবর্ধক নকশা বা অতিরিক্ত ডিজাইন ব্যবহার করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে বিআরটিএ উল্লেখ করেছে: ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’।
নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করে বিআরটিএর নির্দেশনা অনুসরণের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।



