আর্ট ঢাকা ২০২৬ শেষ, বিক্রি হয়েছে অর্ধেকের বেশি শিল্পকর্ম
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো আর্ট ঢাকা ২০২৬, বিক্রি হয়েছে অর্ধেকের বেশি শিল্পকর্ম

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১১, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্পমেলা ‘আর্ট ঢাকা ২০২৬’ শেষ হয়েছে। গত ৬ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন মঙ্গলবার সমাপ্ত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ দিনে মেলায় সাত হাজারের বেশি দর্শনার্থী এসেছেন। অংশ নিয়েছেন ১৩০ জনের বেশি শিল্পী।

মেলায় প্রদর্শিত শিল্পকর্মের বিষয়বস্তুতে উঠে এসেছে ক্ষমতা, স্বাধীনতার সংকট ও নাগরিক জীবনের বিচ্ছিন্নতার মতো নানা প্রসঙ্গ। আয়োজকদের দাবি, প্রদর্শনীর মোট শিল্পকর্মের ৫০ শতাংশের বেশি বিক্রি হয়েছে। তাঁদের মতে, এই বিক্রি দেশের শিল্পবাজারের সম্ভাবনাময় অবস্থার ইঙ্গিত দেয়।

২৫ লাখ টাকার শিল্পকর্ম ‘প্যারাডক্স’

প্রদর্শনীতে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা মূল্যের শিল্পকর্ম ছিল। মেলার সবচেয়ে দামি শিল্পকর্ম ছিল শিল্পী দিনার সুলতানা পুতুলের মিশ্র মাধ্যমে তৈরি দ্বিখণ্ডিত চিত্রকর্ম ‘প্যারাডক্স’। এর মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৫ লাখ টাকা।

মেলা আয়োজনের নেপথ্যে ছিলেন অমিয়া খন্দকার, ফাহাদ সাত্তার, দুর্জয় রহমান ও নাহার খান। আয়োজক অমিয়া খন্দকার জানান, স্থানীয় শিল্পীদের সঙ্গে সংগ্রাহক ও দর্শকদের সংযোগ তৈরি করা এবং সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

তিনি বলেন, অনেক শিল্পীর কাজ বিদেশে সমাদৃত হলেও দেশের সংগ্রাহকদের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে।

আয়োজক ফাহাদ সাত্তার জানান, দর্শনার্থীরা মেলায় শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাঁদের কাজের পেছনের ভাবনা সম্পর্কেও জানতে পেরেছেন। শিল্পের প্রসারে এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।

দর্শনার্থী আরিফুর রহমান বলেন, এ ধরনের আয়োজন শিল্পের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির সুযোগ করে দেয়। তিনি দ্বিতীয়বারের মতো প্রদর্শনী দেখতে এসেছেন। তাঁর কাছে শিল্পকর্ম কেনাবেচার প্রক্রিয়াটিও ইতিবাচক মনে হয়েছে। তিনি বলেন, ‘ঢাকায় যেখানেই এ ধরনের আয়োজন হয়, আসার চেষ্টা করি।’

বিভিন্ন বিভাগে সাজানো হয় প্রদর্শনী

মেলাটি কয়েকটি বিভাগে সাজানো হয়েছিল। নিচতলায় জিহান করিমের কিউরেশনে ছিল ‘ন্যারেশন, থট, ক্রনিকলস’। ওপরের তলায় নাজমুন নাহার কেয়ার কিউরেশনে প্রদর্শিত হয় ‘দ্য স্টিল পয়েন্ট’। ফারিয়া জেবার তত্ত্বাবধানে ছিল ছাপচিত্রের প্রদর্শনী ‘দ্য আর্ট অব অ্যাকসেস’।

মুস্তাফা জামানের কিউরেশনে ‘লিপিং অ্যাক্রস টাইম’ বিভাগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ও সফিউদ্দিন আহমেদের মতো আধুনিক শিল্পের পথিকৃৎদের কাজ প্রদর্শিত হয়েছে। পাশাপাশি মেলায় ছিল একটি ইমারসিভ আর্ট জোন।

শিল্পী আনিসুজ্জামান সোহেল তাঁর ২৮টি শিল্পকর্ম নিয়ে অংশ নেন। তাঁর কাজের বিষয়বস্তুতে জীবন, মৃত্যু ও প্রকৃতির নানা রূপক উঠে এসেছে। তিনি মনে করেন, প্রবেশমূল্য থাকায় প্রদর্শনীতে শিল্পকর্ম উপভোগে আগ্রহী দর্শকদের উপস্থিতি বজায় থাকে। তাঁর বেশ কিছু কাজ বিক্রি হওয়ায় প্রদর্শনী চলাকালে নতুন শিল্পকর্মও যুক্ত করতে হয়েছে।

অন্যদিকে, শিল্পী রাসেল কান্তি দাশের কাজের মূল বিষয় ছিল মানুষ ও মানুষের জীবন।

দর্শনার্থীদের নজর কেড়েছে ‘দ্য প্যাভিলিয়ন’

প্রদর্শনীর প্রবেশপথে স্থপতি রাশেদ চৌধুরীর নকশায় তৈরি অস্থায়ী স্থাপত্য ‘দ্য প্যাভিলিয়ন’ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। স্থানীয় নির্মাণ উপকরণ ও বাংলার প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের সমন্বয়ে তৈরি এ স্থাপনাটি ছিল মেলার অন্যতম আকর্ষণ।

পার্কিং এলাকায় নির্মিত প্যাভিলিয়নটিতে প্রাচীন স্থাপত্যের উপাদানের সঙ্গে সমকালীন নির্মাণচিন্তার সমন্বয় ঘটানো হয়েছে। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে প্রদর্শনী প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।

পাঁচ দিনের আয়োজন শেষে উদ্যোক্তারা আশা করছেন, শিল্পী ও সংগ্রাহকদের মধ্যে তৈরি হওয়া যোগাযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, বাংলাদেশের শিল্পীদের কাজ দেশি-বিদেশি দর্শকদের কাছে তুলে ধরার পাশাপাশি দেশে শিল্পকর্ম সংগ্রহের একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে ‘আর্ট ঢাকা’ ভূমিকা রাখবে।