ফেনী সদর উপজেলায় গভীর রাতে পরিবার পরিকল্পনা কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে পরিবার পরিকল্পনা কার্যালয়ে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, সেখানে কেবল একটি কাঁচের বোতল ছোড়া হয়েছিল।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সালাউদ্দিন মোড় এলাকা থেকে এসে পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় তারা কার্যালয়ের গ্যারেজ লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ও একটি ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে চলে যায় তারা।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হামলার অভিযোগ অস্বীকার পুলিশের
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর দাবি, সেখানে একটি কাঁচের বোতল ছোড়া হয়েছিল।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভাঙা কাচের টুকরা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজেও বড় ধরনের বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তবে পুরো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে জেলা রেজিস্ট্রি অফিসের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম এ ধরনের ঘটনার তথ্য অস্বীকার করেছেন।
মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়াল
এদিকে একই রাতে ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শোডাউন ও মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ১১টার পর ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, একই সময়ে পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এসব ঘটনার সঙ্গে সরকারি কার্যালয়ে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।



