ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও নতুন অস্ত্রের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘হুমকিনির্ভর কূটনীতি’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর দাবি, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের কথা বলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এখন ইরানের বিরুদ্ধে আরও বিধ্বংসী ও শক্তিশালী অস্ত্র ব্যবহারের পথে হাঁটছে। ওয়াশিংটনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন তিনি।
পেজেশকিয়ান জানান, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁর দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্র ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ (পিআরএসএম) ব্যবহার করেছে। সামরিক পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানের মধ্যে স্পষ্ট অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পেন্টাগন ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এমওএবি যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী প্রচলিত বোমাগুলোর একটি। এটি ‘মাদার অব অল বম্বস’ নামেও পরিচিত।
পেজেশকিয়ান বলেন, একদিকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের কথা বলা হচ্ছে, অন্যদিকে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাঁর মতে, এ ধরনের অবস্থান লজ্জাজনক।
এ সময় তিনি প্রশ্ন তোলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কারা সৃষ্টি করছে। তাঁর মন্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক নীতি ও কূটনৈতিক অবস্থানের মধ্যে অসংগতি রয়েছে—এমন অভিযোগই আবারও সামনে এসেছে।



