কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে এখন মুহূর্তেই এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করা সম্ভব। গুগল ট্রান্সলেট, ডিপএল ও চ্যাটজিপিটির মতো সেবা অনুবাদের কাজকে করেছে দ্রুত ও সহজ। তবে ভাষার আক্ষরিক অর্থের বাইরে থাকা সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বাগ্ধারা, রসিকতা ও প্রেক্ষাপট বুঝতে এখনো মানুষের দক্ষতার প্রয়োজন রয়েছে। ফলে অনুবাদের কাজে এআইয়ের ব্যবহার বাড়লেও মানুষের ভূমিকা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
ফরাসি ভাষার ‘ইল প্ল্য দে কর্দ’ বাক্যটির আক্ষরিক অর্থ ‘আকাশ থেকে দড়ি পড়ছে’। কিন্তু এর প্রকৃত অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বাগ্ধারার অর্থ বুঝতে শুধু শব্দের অনুবাদ যথেষ্ট নয়; জানতে হয় ভাষা ও সংস্কৃতির প্রেক্ষাপট। এ ধরনের জটিলতা এআই অনুবাদে ভুলের ঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমানে বিপুল পরিমাণ লেখা অনুবাদে এআই ব্যবহৃত হচ্ছে। গুগলের তথ্য অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে প্রতি মাসে প্রায় এক লাখ কোটি শব্দ অনুবাদ করা হয়। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা ওপেন নলেজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জন জিমারম্যানের মতে, এআই ছাড়া ১০ হাজার নিবন্ধ অনুবাদ করতে গেলে ব্যয় অনেক বেশি হতো। এত বিপুল কাজ মানুষের একার পক্ষে দ্রুত সম্পন্ন করাও কঠিন।
তবে দ্রুত অনুবাদ মানেই নির্ভুল অনুবাদ নয়। ওপেন নলেজ অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে, প্রকাশের আগে এআইয়ের তৈরি লেখার ২৭ শতাংশ সংশোধন করতে হয়েছিল। এর মধ্যে ৫ থেকে ৬ শতাংশ ভুল ছিল এমন, যা মূল লেখার অর্থই বদলে দিয়েছিল। উইকিমিডিয়ার অর্থায়নে পরিচালিত ওই গবেষণায় ২০টি ভাষার ১১৯টি নিবন্ধ এবং অনুবাদকদের এক হাজার ঘণ্টার বেশি কাজ বিশ্লেষণ করা হয়।
অনুবাদের ভুল কখনো কখনো গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে আইনি ও চিকিৎসাসংক্রান্ত নথিতে সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। একটি আদালতের নথিতে ফরাসি শব্দ ‘লে দেমঁদর’–এর অর্থ মামলার বাদী হিসেবে অনুবাদ না করে ‘অনুরোধকারী’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। আবার ‘মাদাম এক্স, এপুজ ওয়াই’ বাক্যটির অনুবাদে বৈবাহিক সম্পর্কের অর্থ ভুলভাবে প্রকাশ পেয়েছিল।
চিকিৎসাক্ষেত্রে ভুল অনুবাদের ঝুঁকি আরও বেশি। গ্রিক বর্ণ ‘মিউ’ (μ) দিয়ে মাইক্রো বোঝানো হয়। এটিকে ভুল করে মিলি হিসেবে অনুবাদ করলে ওষুধের মাত্রা এক হাজার গুণ পর্যন্ত বেশি নির্ধারিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনসংক্রান্ত নথি যন্ত্রের সাহায্যে অনুবাদে ভুল হওয়ায় আটক ব্যক্তিদের মুক্তি পেতে দেরি হওয়ার ঘটনাও ঘটেছে।
ভাষার প্রেক্ষাপট না বোঝার সমস্যা খেলাধুলার মতো ক্ষেত্রেও দেখা যায়। যেমন, ফুটবল ধারাভাষ্যে ‘টেকিং আ কর্নার’ বলতে কর্নার কিক নেওয়া বোঝায়। কিন্তু শব্দগুলোর আক্ষরিক অর্থ ধরলে প্রকৃত বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হতে পারে।
ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষক ফ্রাঁসোয়া ইভোঁর মতে, এআই অনুবাদে শতভাগ নির্ভরযোগ্যতা অর্জন কঠিন। কারণ, এআই অনেক ক্ষেত্রে সম্ভাবনার ভিত্তিতে শব্দ নির্বাচন করে। ফলে কোনো বাক্যের প্রকৃত অর্থ বা প্রেক্ষাপট ভুলভাবে বোঝার আশঙ্কা থেকেই যায়।
এ সমস্যা কমাতে গবেষকেরা সমন্বিত অনুবাদব্যবস্থা নিয়ে কাজ করছেন। এমন ব্যবস্থায় একটি এআই অনুবাদ করবে, অন্যটি সম্ভাব্য ভুল শনাক্ত করবে এবং তৃতীয়টি সংশোধনের কাজ করতে পারে। ভবিষ্যতে এআইয়ের সক্ষমতা বাড়ার পাশাপাশি কোন জায়গায় সে নিশ্চিত নয়, তা ব্যবহারকারীকে জানাতে পারাও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
এআইয়ের সক্ষমতা যে দ্রুত বাড়ছে, তার নানা উদাহরণও সামনে আসছে। পুরোনো গাণিতিক সমস্যার সমাধান, প্রাচীন হাতের লেখা পাঠোদ্ধার এবং একাধিক এআই এজেন্টের মধ্যে যোগাযোগের মতো কাজ প্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরছে। তবে এসব সক্ষমতা অনুবাদের ক্ষেত্রে নির্ভুলতার নিশ্চয়তা দেয় না।
সব মিলিয়ে, সাধারণ ও দৈনন্দিন অনুবাদের কাজে এআই মানুষের সময় ও শ্রম অনেকটাই কমিয়ে দিতে পারে। কিন্তু ভাষা কেবল শব্দের সমষ্টি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি, আবেগ ও পরিস্থিতির প্রেক্ষাপট। তাই আইনি, চিকিৎসা ও অন্যান্য সংবেদনশীল নথির অনুবাদ যাচাইয়ে মানুষের ভূমিকা এখনো অপরিহার্য। এআই অনুবাদকে সহজ ও দ্রুত করতে পারে, কিন্তু চূড়ান্ত নির্ভুলতা নিশ্চিত করতে মানবীয় পর্যালোচনার প্রয়োজন থেকেই যাচ্ছে।



