রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তা ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এ নিয়ে প্রকল্পটিতে মোট পাঁচটি চালান পৌঁছাল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য এসেছে চারটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির জন্য এসেছে একটি চালান।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহ করা হবে। মোট নয়টি চালানে এসব জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। বাকি চালানগুলো ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে পৌঁছানোর কথা।

এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক কার্যক্রম এগিয়ে চলছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রটি বর্তমানে ২০ শতাংশ তাপীয় সক্ষমতা অর্জন করেছে। এই সক্ষমতা ৩৫ থেকে ৪০ শতাংশে পৌঁছালে উৎপাদিত বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপে যাওয়া সম্ভব হবে।

প্রাথমিকভাবে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার ফলাফল ও নিরাপত্তা যাচাইয়ের ভিত্তিতে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো কারিগরি ত্রুটি বা ভাল্ব পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট যন্ত্রাংশ পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।