রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।
এর আগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।



