জনবার্তা ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে মাঠে নামার ঘটনায় প্রশ্ন তুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁর মতে, রাজনৈতিক কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার পাশাপাশি নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করে।
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের চলমান অস্থিরতা, গাজীপুরে শ্রমিকের মৃত্যু, পোশাকশিল্পের সংকট এবং শ্রমিকদের মজুরি নিয়ে বক্তব্য দেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে পুলিশ ও শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে মাঠে নামার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়। অতীতে আওয়ামী লীগ সরকারও একই ধরনের ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিক তৌফিকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি
গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, এ ঘটনায় কারা দায়ী, শ্রমিকদের ওপর হামলার সঙ্গে কারা জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেছে কি না—তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান
পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, শ্রমিকের অধিকার ও শিল্পের স্বার্থ পরস্পরবিরোধী নয়। শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মুখে থাকা বাংলাদেশের পোশাকশিল্পের কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হলে সরকারকে দায় নিতে হবে।
মজুরি বোর্ড গঠনে বিলম্বের সমালোচনা
মজুরি বোর্ড গঠন প্রক্রিয়ায় বিলম্বের সমালোচনা করে মঞ্জু বলেন, ১৫ অক্টোবর বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে তা গঠন করতে ১ নভেম্বর পর্যন্ত সময় লেগেছে। প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ৪ নভেম্বর। শ্রমিক অসন্তোষের মধ্যে এই বিলম্ব সরকারের প্রস্তুতি ও উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খানও বক্তব্য দেন।



